বেইজিং সময় ১০ অক্টোবর, ২০২৬ এটিপি ১০০০ সাংহাই মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডের লড়াই চলেছে। ৪ নম্বর বাছাই অজে-আলিয়াসিম, ৫ নম্বর বাছাই মেদভেদেভ ও ১২ নম্বর বাছাই হোদার, সবাই তিন সেটের কঠিন লড়াইয়ে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে জিতেছেন, এই টুর্নামেন্টে শুভ সূচনা করেছেন।

প্রথমবার সাংহাই মাস্টার্সে খেলতে আসা হোদার ৪-৬, ৬-২, ৬-৩ গেমে তিরান্তেকে হারিয়েছেন। ২০ বছর বয়সী এই তরুণের এটি সাফল্যের মৌসুম, এ বছরের জানুয়ারিতেও তাঁর র্যাঙ্কিং ছিল একশোর বাইরে, এখন তিনি বিশ্বের সেরা দশের দোরগোড়ায়। বর্তমানে বিশ্বের ১৩ নম্বর এই খেলোয়াড় মারাকেশে ব্যক্তিগত প্রথম ট্যুর শিরোপা জিতেছেন, এবং ফ্রেঞ্চ ওপেনে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

তবে সাংহাইতে আসার আগে স্প্যানিশ এই খেলোয়াড়ের সেরা ফর্মে ফেরা খুব জরুরি ছিল: ইউএস ওপেন ও গত সপ্তাহের টোকিও টুর্নামেন্ট দুটিতেই তিনি প্রথম রাউন্ডে বিদায় নেন, এর মাঝে শুধু লেভার কাপে বুবলিককে হারিয়েছিলেন। তিরান্তের বিপক্ষে প্রথম সেট হারার পর হোদার মাথা ঠান্ডা রাখেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে ওঠেন।

দ্বিতীয় সেটে হোদারের প্রথম সার্ভে পয়েন্ট জয়ের হার ছিল ৯৩ শতাংশ, নির্ণায়ক সেটে দৃঢ়ভাবে চাপ সামলে সবগুলো ৬টি ব্রেক পয়েন্ট বাঁচান। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ লেহেচকা, যিনি ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে বোর্হেসকে হারিয়েছেন।
তুরিন ফাইনালসের লাইভ চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় হোদার বর্তমানে ১১ নম্বরে, স্বপ্নের মতো এই বিস্ফোরক মৌসুমের শেষ পর্বে বছর শেষের ফাইনালসে জায়গা পাওয়ার আশা তাঁর। সফল হলে আলকারাজ ও সিৎসিপাসের পর তিনি হবেন তৃতীয় খেলোয়াড়, যিনি নেক্সট জেন ফাইনালসে খেলার পরের বছরই এই শীর্ষ বছর শেষের টুর্নামেন্টের মঞ্চে পা রাখবেন।
৫ নম্বর বাছাই মেদভেদেভও ঘুরে দাঁড়িয়ে জিতেছেন, তিনি ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে স্ত্রুফকে হারিয়েছেন। এই ম্যাচের পর প্রতিপক্ষের বিপক্ষে তাঁর মুখোমুখি রেকর্ড দাঁড়াল ১০-২।
২০২৬ সালে হার্ড কোর্টে মেদভেদেভ ট্যুরে সর্বোচ্চ ৩১টি জয় পেয়েছেন, যার মধ্যে রয়েছে ব্রিসবেন, দুবাই এবং গত মাসের হাংঝৌ টুর্নামেন্টের শিরোপা। ২০১৯ সালের সাংহাই চ্যাম্পিয়ন এই খেলোয়াড়ের পরের রাউন্ডের প্রতিপক্ষ নির্ধারিত হবে এচেভেরি ও স্ভর্চিনার মধ্য থেকে।
তুরিন ফাইনালসের লাইভ চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় মেদভেদেভ বর্তমানে ৮ নম্বরে, সপ্তমবার বছর শেষের ফাইনালসে জায়গা পাওয়ার লক্ষ্য তাঁর, গত মৌসুমে আক্ষেপজনকভাবে তিনি জায়গা পাননি।
৪ নম্বর বাছাই অজে-আলিয়াসিমও ঝুঁকি পেরিয়ে জিতেছেন, ২ ঘণ্টা ৫৮ মিনিটের লড়াইয়ে তিনি ৪-৬, ৭-৬(১), ৭-৫ গেমে আর্জেন্টিনার কারাবেলিকে পিছিয়ে পড়ে হারিয়েছেন। পাঁচবার সাংহাই মাস্টার্সে খেলে প্রতিবারই তিনি প্রথম ম্যাচের বাধা পেরিয়েছেন।
গত বছর তিনি এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, মৌসুমের শেষ দিকে ধারাবাহিকভাবে ভালো ফল করে শেষ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে জায়গা করে নেন এবং এটিপি বছর শেষের ফাইনালসেও জায়গা পান। তৃতীয় রাউন্ডে অজে-আলিয়াসিম মুখোমুখি হবেন ২৯ নম্বর বাছাই তাবিলো ও বাউতিস্তার ম্যাচের জয়ীর।
(আকা)
বাংলা তথ্য[0]
বাংলা তথ্য[0]